লক্ষ্মীপুরের রায়পুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে মেহেরুন্নেছা হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৮ মার্চ ২০২৬) রায়পুর উপজেলার বিভিন্ন বাজার ও প্রতিষ্ঠানে তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে মেহেরুন্নেছা হাসপাতালে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসাইন। এ সময় রায়পুর থানার এসআই সাদ্দাম হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী পরিচালক নুর হোসাইন বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীরা যদি আইন মেনে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করেন, তাহলে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হবে না। আমাদের লক্ষ্য শাস্তি দেওয়া নয়, বরং সচেতনতা তৈরি করে নিরাপদ বাজার ব্যবস্থা নিশ্চিত করা।”
অভিযান চলাকালে ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি না করা এবং যথাযথ নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বার্তা বাজার/এস এইচ






