পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের কৃষিতে যে অগ্রগতি ও শস্য বিপ্লব ঘটিয়েছিলেন, তার পথ অনুসরণ করে আমরা কৃষিতে বিপ্লব আনতে চাই।
সোমবার (১৬ মার্চ) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ হতে সোনাখোলা সেতু পর্যন্ত খালের খনন কাজ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বিএনপির হাত দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই গনঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদদের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা বদ্ধপরিকর। বিএনপি যা বলে তাই করে৷ সরকারের নেওয়া কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড প্রদান করেছে। মাত্র অল্প সময়ের ব্যবধানে খাল খনন কর্মসূচি শুরু করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, নির্বাচনে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন শুরু করেছেন। মাত্র এক মাসের মধ্যে দেশব্যাপী একযোগে খাল খনন কর্মসূচি শুরু করেছে। যারা বলেছিলেন ফ্যামিলি কার্ড হবেনা, সে ধারনা ভুল প্রমাণিত করে ফ্যামিলি কার্ড চালু করেছেন। এছাড়াও, আগামী এপ্রিলের মধ্যে কৃষি কার্ড কৃষকদের মাঝে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।
ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এবং সাদরুল আলম সিয়ামের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইসা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও তার অংগসংগঠনের নেতৃবৃন্দ।
বার্তা বাজার/এস এইচ






