লালমনিরহাট সীমান্তে পৃথক পৃথক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও প্রসাধনী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বালাটারী এলাকায় বালারহাট বিওপি, নাগেশ্বরী উপজেলার সরকারটারী এলাকায় রামখানা বিওপি এবং লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী এলাকায় ঝাউরানী বিওপি পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক কিছু ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে টহলদল ধাওয়া দিলে চোরাকারবারীরা তাদের বহনকৃত মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় ইস্কাফ সিরাপ ১৯৯ বোতল, ফেয়ারডিল সিরাপ ৫৬ বোতল এবং ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
এছাড়া মোগলহাট বিওপির চর ফলিমারী এবং লালমনিরহাট সদর উপজেলার কর্নপুর এলাকায় আরও দুটি অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বিভিন্ন প্রকার ভারতীয় প্রসাধনী সামগ্রী ও হ্যাপিগোল্ড ব্র্যান্ডের ১৯ বোতল মদ জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার ৯০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। চোরাচালান ও মাদক চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বার্তা বাজার/এস এইচ






