নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীর থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ইজারাদার আজিজুল হক (৫৪)কে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস জরিমানা করেন।
জরিমানাকৃত ইজারাদার আজিজুল মুন্সীগঞ্জের লৌহজং থানার কাজিরপাগলা এলাকার বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস বলেন, সংশ্লিষ্ট ইজারাদার কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বৃ-হাচলা মৌজায় ইজারা নিয়ে অবৈধ ভাবে বড়কালিয়া এলাকায় বালু কেটে পরিবহনের চেষ্টা করছিল। খবর পেয়ে বালুকাটা বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ইজারাদারকে ২ লাখ টাকা জরিমানাসহ অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা বাজার/এস এইচ






