ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভোটারদের মধ্যে পান–সুপারি বিতরণকালে ধানের শীষের এক কর্মীকে আটক করে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রিয়াদ পাঠান (২৮)। তিনি উপজেলার ভরাডোবা এলাকার বাসিন্দা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভরাডোবা ইউনিয়নের পুরুয়া নারাঙ্গিপাড়া গ্রামে ধানের শীষ প্রতীকের পক্ষে সকাল থেকেই ভোটারদের মাঝে পান–সুপারি প্যাকেট করে বিতরণ করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় স্থানীয় একটি দোকানের সামনে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রাখা প্রায় ৪০০ প্যাকেট পান–সুপারি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে রিয়াদ পাঠানকে আটক করা হয়। পরবর্তীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন বলেন, ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে পান–সুপারি বিতরণ করা স্পষ্টতই নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এর আগেও ওই যুবক ভোটারদের মুড়ি খাওয়ানোর ঘটনায় জড়িত ছিলেন এবং তখন মুচলেকা দিয়ে ছাড়া পান। পুনরায় একই ধরনের অপরাধে জড়িত থাকায় আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে।
বার্তা বাজার/এস এইচ






