ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আউলাতলী এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীদের হামলায় এক মা ও তার কিশোর ছেলে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত কিশোরের মা মোছাঃ শ্রাবনী আক্তার ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি (শুক্রবার) বিকেলে শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশী মোঃ আইয়ুব আলী ও তার পরিবারের সদস্যরা শ্রাবনী আক্তারকে গালিগালাজ করেন। এ সময় তার ছেলে সিনহা (১৬) প্রতিবাদ জানালে তাকে জোরপূর্বক বাড়ির ভেতরে নিয়ে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়। এতে সিনহার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। হামলার সময় তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। ছেলেকে বাঁচাতে গেলে শ্রাবনী আক্তারকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহত মা-ছেলেকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত সিনহার মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে।
অভিযুক্ত পক্ষের মাসুদ রানা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে আগে থেকেই জমিজমা নিয়ে ঝামেলা ছিল। ঘটনার দিন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মা-ছেলে আমাদের ওপর হামলা করেছে।’
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বার্তা বাজার/এস এইচ






