ধানের শীষের পক্ষে উঠান বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম। সোমবার পৌর শহরের টিকাপাড়া ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।
বৈঠকে বক্তব্য দেন মির্জা ফখরুলের কন্যা মির্জা সাফারুহ সুমি, জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা বেগম, পৌরসভার কাউন্সিলর ও মহিলা দলের নেত্রী আয়েশা বানু পারুল, রুনা লায়লা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন মানিক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা দলের দুঃসময়ে নারী নেত্রীদের ভূমিকার কথা তুলে ধরেন এবং সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
রাহাত আরা বেগম বলেন, মির্জা ফখরুল এই আসন থেকে নির্বাচন করেছেন এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু নির্যাতনের শিকার হয়েছেন। তিনি জানান, ৩৭ বছরের রাজনৈতিক জীবনে ১৬ বছর তিনি স্বাভাবিকভাবে রাতের ঘুম ও নিয়মিত খাওয়া-দাওয়া করতে পারেননি এবং ১১ বার কারাবরণ করেছেন। তিনি বলেন, দেশ ও মানুষের প্রতি ভালোবাসা থেকেই মির্জা ফখরুল সব কষ্ট সহ্য করে রাজনীতি করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, মির্জা ফখরুল সৎ, মানবিক ও আপসহীন রাজনীতিক। মানুষের কষ্টে তার মন কাঁদে এবং তিনি সব ধর্মের মানুষের কল্যাণের কথা ভাবেন। মানবধর্মকেই সবচেয়ে বড় ধর্ম উল্লেখ করে তিনি উপস্থিত ভোটারদের ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
মির্জা সাফারুহ সুমি বলেন, মানুষের প্রকৃত পরিচয় তার আমল, নৈতিকতা ও ভালো মানসিকতার মাধ্যমে প্রকাশ পায়। তিনি বলেন, একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সচেতন ভোটের কোনো বিকল্প নেই। তিনি ভোটারদের বিবেচনা-বুদ্ধি দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি সম্মান, সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা দেন।
বার্তাবাজার/এমএইচ






