কুমিল্লার চৌদ্দগ্রামে দেশের দুই শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব – উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের দ্রুত আরোগ্য কামনায় ব্যাপক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে পৌরসভা থেকে শুরু করে উপজেলার ১৩ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের শতাধিক মসজিদে মিলাদ ও বিশেষ মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসল্লি ও বিএনপি–জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেগম খালেদা জিয়া বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অন্যদিকে ডা. তাহেরের হার্টে রিং বসানো হয়েছে। দুজনই দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষের মধ্যে দোয়া মাহফিলের উদ্যোগ জোরদার হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন বলেন, দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ হওয়ায় পুরো দেশই যেন ব্যথিত। তার সুস্থতা কামনায় চৌদ্দগ্রামের বিভিন্ন মসজিদে দোয়া হচ্ছে। আমরা আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন বলেন, ডা. তাহের শুধু জামায়াতের নেতা নন, তিনি চৌদ্দগ্রাম বাসীর বিশ্বাস ও ভালোবাসার প্রতীক। তাঁর সুস্থতার জন্য আজ জুমার পর সর্বত্র দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা জানান, দেশের সংকটময় সময়ে জাতীয় নেতাদের সুস্থতা পুরো জাতির জন্যই আশীর্বাদস্বরূপ।
বার্তা বাজার/এস এইচ






