আগামী জাতীয় নির্বাচনে স্মরণকালের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে রূপগঞ্জে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন ঘিরে কোনো দল ছোট বা বড়—এভাবে বিবেচনা করা হবে না। সকল প্রার্থী ও তাদের সমর্থকরা সমানভাবে আইনের আওতায় থাকবেন।
ইউএনও আরও বলেন, বলপ্রয়োগ, বিশৃঙ্খলা সৃষ্টি বা অবৈধ সুবিধা নেয়ার চেষ্টা করলে কাউকেই ছাড় দেয়া হবে না। প্রয়োজনে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনী অনিয়ম ঠেকাতে তিনি বিশেষভাবে সতর্ক করে দেন ভুয়া সাংবাদিক পরিচয় ব্যবহারের বিষয়ে। নামসর্বস্ব অনলাইন বা অজ্ঞাত গণমাধ্যমের ব্যানারে সাংবাদিক পরিচয়ে কেন্দ্র প্রবেশের সুযোগ থাকছে না। তিনি জানান, শুধুমাত্র সরকারি নিবন্ধিত গণমাধ্যম কর্মীদের পরিচয়পত্রে কিউআর কোড থাকবে—স্ক্যান করলেই তাদের পরিচয় ও প্রতিষ্ঠানের বৈধতা জানা যাবে।
বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন। সভায় পুলিশ, সেনাবাহিনী, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমএইচ






