ঠাকুরগাঁওয়ে নসিমন ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ট্রাক টার্মিনাল চব্বিশ টিউবওয়েল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাহমুদা মাসুম (৪৫), তার ছোট বোন মানসুরা মুন্নি (৪২), ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম জাকারিয়া (৩৮), গাড়ি চালক হারুনুর রশিদ (৩০), সদরের ছোট খোচাবাড়ি এলাকার নুরে আলমের ছেলে সাজু ইসলাম (২৫), একই এলাকার মোহাম্মদ মিন্টুর ছেলে সুমন হোসেন (২৮), শামসুল হকের ছেলে ওমর ফারুক (২৮), তার শিশু সন্তান তানভীর (৬) এবং নসিমন চালক রুবেল রানা। চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় রংপুর থেকে পানি উন্নয়ন বোর্ডের একটি মাইক্রোবাস ঠাকুরগাঁও আসছিল। একই সময়ে ঠাকুরগাঁও থেকে একটি নসিমন খোচাবাড়ির দিকে যাচ্ছিল। ট্রাক টার্মিনাল চব্বিশ টিউবওয়েলের সামনে গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। মাইক্রোবাস ও নসিমন রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে তারা চিকিৎসাধীন।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার রকিবুল আলম চয়ন বলেন, চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এমএইচ






