ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কুমিল্লায় ডিবি পুলিশ পরিচয়ে ৪৮ লক্ষ টাকার ১৫ টি গরু ছিনতাই

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৩১ পিএম

কুমিল্লায় ডিবি পুলিশ পরিচয়ে ৪৮ লক্ষ টাকার ১৫ টি গরু ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত চক্র পনেরটি গরু বোঝাই একটি ট্রাক ছিনতাই করেছে। প্রায় ৪৮ লক্ষ ৪৫ হাজার টাকার গরু, ট্রাক ও অন্যান্য মালামাল লুটের এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মুহাম্মদ আবদুল্লাহ তাওসীফ গত রবিবার গভীর রাতে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেন থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম।

মামলার বিবরণে জানা যায়, চট্টগ্রামের লোহাগাড়ার ব্যবসায়ী তাওসীফের পক্ষে দীর্ঘদিন ধরে গরু ক্রয়-বিক্রয়ের দায়িত্বে রয়েছেন রাজশাহীর গোদাগাড়ী এলাকার সুলতানগঞ্জের সেলিম মিয়া। তার মাধ্যমে কুষ্টিয়ার বাইলপাড়া হাট থেকে ২৮ লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের ১৫টি গরু কেনা হয়। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২০-৫১৯৮) গরুসহ চট্টগ্রামের সাতকানিয়া বিজিবি ক্যাম্পের উদ্দেশে রওনা দেয়। রাত দেড়টার দিকে ট্রাকটি সোনাকাটিয়া এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৯-১০ জনের একটি সংঘবদ্ধ দল এলইডি লাইটের সংকেত দিয়ে ট্রাক থামায়। থামার পরপরই ট্রাক চালক সেলিম, হেলপার এবং ব্যবসায়ীর প্রতিনিধি সেলিম মিয়াকে মাদকদ্রব্য বহনের অভিযোগ তুলে অতর্কিতে মারধর করে। এরপর তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে হাইয়েস গাড়িতে তুলে হাত-পা বাঁধা হয় এবং মুখ স্কচটেপ দিয়ে সিল করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত মোবাইল ও নগদ টাকাও লুট করে।

ডাকাত চক্রের অন্য সদস্যরা গরুসহ ট্রাকটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তিনজনকে রবিবার ভোর রাতের দিকে লালমাই এলাকায় একটি ঝোপের কাছে ফেলে রেখে যায়। সকালে মুক্ত হওয়ার পর তারা ব্যবসায়ীর স্বজনদের বিষয়টি জানায় এবং পরে পুলিশকে অবগত করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, ডাকাত দলের সদস্যদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে, প্রত্যেকে ডিবি পুলিশের পোশাক, জিন্স ও খাকি প্যান্ট পরিহিত ছিল। তাদের হাতে পিস্তল ও হ্যান্ডকাপ ছিল এবং তারা কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলছিল।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “ঘটনার পরপরই মামলা নেওয়া হয়েছে। সংঘবদ্ধ ডাকাত চক্রকে শনাক্ত ও গ্রেফতারে আমাদের অভিযান চলছে। দ্রুতই অগ্রগতি আশা করা যাচ্ছে।”

এই ঘটনায় স্থানীয় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, মহাসড়কে ডিবি পরিচয়ে এ ধরনের ঘটনা না শুধু উদ্বেগজনক, বরং পুরো পরিবহন ব্যবস্থার নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন