বার্তা বাজারে সংবাদ প্রকাশের জেরে অবশেষে কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যা টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জায়েদ নুরের নেতৃত্বে সন্দেহভাজন উত্তর শিলখালীর ইসমাইলের ছেলে আবুল হাশেম (২৮), শামলাপুর বদি আলম সওদাগরের ছেলে মোঃ বেলালকে (৩০) আটক করে।
ওসি জায়েদ নুর জানান, অপহরণকারী চক্রের বিরুদ্ধে কঠিন অভিযান পরিচালনা করা হবে। অপহরণে জড়িত সকল সদস্যকে গ্রেফতার না করা অবধিও এই অভিযান অব্যাহত থাকবে।
এদিকে বেশ কিছু দিন ধরে, উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়াসহ বেশ কয়েকটি পাড়ায় স্থানীয় ও রোহিঙ্গা ডাকাতের একটি সংঘবদ্ধ চক্র ডাকাতি ও অপহরণ করে যাচ্ছিল।
গতকাল চৌকিদার পাড়ার ছদু মাষ্টারের বাগানের পেছনে একদল ডাকাত হানা দেয়। গত ১৩ নভেম্বর একই ভাবে ১৫/২০ জনের একটি ডাকাত দল আইনপ্রয়োগকারী সংস্থার মত পোশাক পরে উত্তর শীলখালি তুলাগাছ তলায় জনবহুল দোকানে হানা দিয়ে অপহরণের চেষ্টা চালায়। সৌভাগ্যক্রমে কাউকে তুলে নিতে পারেনি। তবে একজন আহত হয়েছেন। তারা নির্বিঘ্নে আবার পাহাড়ের দিকে চলে যায়। পুলিশ এসে লোক দেখানো দায় সাড়া ভাবে চলে যায়।
ডাকাতের ভয়ে গ্রামের মানুষ স্থানীয় মসজিদের বারান্দায় নির্ঘুম রাত কাটায়। এই ঘটনায় ‘বার্তা বাজার’ এর হাতে কিছু ভিডিও চিত্র আসলে “ডাকাতের ভয়ে মসজিদের বারান্দায় রাত কাটাচ্ছে গ্রামবাসী- আইনশৃংখলা বাহিনী নির্বিকার” শিরোনামে শুক্রবার দিবাগত রাতেই সংবাদ প্রকাশ হয়।
বার্তাবাজার/এমএইচ






