কক্সবাজারের উখিয়া সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি দোকান ও দুটি ঘর পুড়ে গেছে। এতে মোহাম্মদ আলী (৫৭) নামের এক কাপড় ব্যবসায়ী দগ্ধ হয়ে মারা গেছেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৃদাখালী এলাকার মৃত আলী মিয়ার ছেলে এবং উখিয়া সদরে বেডশিট ও পর্দার দোকানের মালিক ছিলেন।
সোমবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উখিয়া কাঁচা বাজার সড়কের একটি লন্ড্রি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। পরে রামু, কক্সবাজার ও টেকনাফসহ মোট ১০টি ইউনিট যোগ দিয়ে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত সাইফুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করতে গিয়ে তিনি আহত হন। ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। তদন্ত শেষে ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে। কক্সবাজার সদর ফায়ার সার্ভিসের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোট ১০টি ইউনিট কাজ করেছে। দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আমাদের এক কর্মী আহত হয়েছেন। ১৬টি দোকান ও দুটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।”
উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাম্মত নাসরিন জেবিন জানান, নিহত মোহাম্মদ আলীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, একজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, “ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্যও সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।” স্থানীয় রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমানের দাবি, বাজারে যথাযথ অগ্নি–নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের সহায়তা কামনা করেছেন।
বার্তা বাজার/এস এইচ






