আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে সাতক্ষীরা-১ সংসদীয় আসনে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম, সাতক্ষীরা-২ আসনে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুর রউফ সরদার, সাতক্ষীরা-৩ আসনে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন এবং সাতক্ষীরা-৪ আসনে জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনিরকে মনোনিত করা হয়েছে।
এসব প্রার্থীর মধ্যে হাবিবুল ইসলাম হাবিব ১৯৯৬ এর ষষ্ঠ এবং ২০০১ এর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে আব্দুর রউফ সরদার সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।
অপরদিকে কাজী আলাউদ্দিন প্রাক্তন রাজনীতিবিদ এবং সাতক্ষীরা-৪ এর সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি সর্বশেষ ২০০১ সালে বাংলাদেশ জাতীয় পার্টি প্রার্থী হিসাবে সাতক্ষীরা-৪ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অপরদিকে জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনির তরুন প্রার্থী হিসাবে এবারের ভোট যুদ্ধে অংশ নেবেন।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সাতক্ষীরার ৪টি আসনের বিএনপি’র প্রার্থী ছাড়াও ইতোমধ্যে বাংলাদেশ জামায়াত ইসলাম এক প্রার্থী ঘোষণা করেছেন।
বার্তা বাজার/এস এইচ






