ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির দুই নেতাসহ সড়কে ঝরল ৮ প্রাণ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৫২ এএম

বিএনপির দুই নেতাসহ সড়কে ঝরল ৮ প্রাণ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাজাপুর-ভাণ্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাসিম উদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি রাজাপুরের মঠবাড়ী ইউনিয়ন পরিষদের বাগড়ি গ্রামে। এদিকে রাজশাহীর বাঘা উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপির স্থানীয় এক নেতা নিহত হয়েছেন। আরও তিন জেলায় সড়কে প্রাণ হারিয়েছেন ছয়জন।

রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন জানান, নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে মোটরসাইকেলে রাজাপুরে ফিরছিলেন নাসিম উদ্দিন। মোটরসাইকেল চালাচ্ছিলেন তাঁর সহযোগী শহিদুল ইসলাম। পথে পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে নাসিম ও শহিদুল ছিটকে পড়েন। নাসিম সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে ডোবায় পড়ে যান। দুজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। নাসিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত শহিদুল চিকিৎসাধীন রয়েছেন।

রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আবুল মালেক জানান, ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাস ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

রাজশাহীর বাঘা উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে শাহিনুর রহমান (৩৮) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। শনিবার মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে। শাহিনুর ওই ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের প্রয়াত আব্দুস সালামের ছেলে এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাহিনুর রহমান মোটরসাইকেলে শনিবার সকাল ৯টায় ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মনিগ্রাম বাজারে পৌঁছালে দ্রুতগতির অটোভ্যান ধাক্কা দেয়। সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান। বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

নওগাঁর ধামইরহাট উপজেলায় গরুবাহী ভটভটি (ইঞ্জিনচালিত তিন চাকার গাড়ি) ও মোটরসাইকেল ধানক্ষেতে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বিহারীনগর বাইপাস সড়কের এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। নিহতরা হলেন– ভটভটিচালক মাসুদুর রহমান মওলা (৩৫) এবং মো. ভুট্টু (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভটভটিতে করে জয়পুরহাটে গরুর হাটে যাচ্ছিলেন কয়েক ব্যবসায়ী। পথিমধ্যে বাইপাস সড়কের তালঝাড়ী এলাকার ডবল ব্রিজের কাছে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে দুটি গাড়িই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাসুদুর ও ভুট্টু। খবর পেয়ে ধামইরহাট থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ধামইরহাট থানার ওসি ঈমাম জাফর জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রাকচাপায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার রাতে সাতৈর ইউনিয়নের কানখড়দি মাদ্রাসার সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– মধু সাহা (৫০) ও নারান সাহা (৫৫)।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাদিরদী এলাকা থেকে নামকীর্তন শুনে অটোভ্যানে বাড়ি ফিরছিলেন সাতজন। কানখড়দি মাদ্রাসার সামনে পৌঁছালে ফরিদপুরগামী বেপরোয়া গতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অটোরিকশা উল্টে সড়কের পাশে ধানক্ষেতে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল মহিষখোচা ইউনিয়নের কশানতলা এলাকার এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। নিহতরা হলেন– আতাউর রহমান বকুল (৫২) ও আতিকুল ইসলাম (৩০)।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে মহিষখোচা থেকে আদিতমারী উপজেলাগামী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোর নিচে চাপা পড়ে আতিকুলের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন স্থানীয়রা। গুরুতর আহত বকুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে মারা যান তিনি। ঘটনার পর থেকে অটোচালক পলাতক।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন