সরকারি অর্থে সংস্কার করা বিদ্যালয়ের একটি রুমকে ‘মুসাফির রুম’ হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমরান আলীর বিরুদ্ধে।
জানা গেছে, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ২০১৮ সালে জাতীয়করণ করা হয়। ২০২৩ সালের ২২ নভেম্বর সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন ইমরান আলী। পরবর্তীতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান অবসর নিলে ইমরান আলী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেন।
দায়িত্ব নেয়ার পর থেকেই প্রতিষ্ঠানটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিদ্যালয়ের আয়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে একটি বেসরকারি ব্যাংক হিসাব নম্বরে জমা করে একক স্বাক্ষরে অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে। নিয়ম অনুযায়ী তিন সদস্যবিশিষ্ট অভ্যন্তরীণ অডিট কমিটি গঠন না করেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন।
এছাড়া, তিনি ভারপ্রাপ্ত প্রধান হলেও ‘প্রধান শিক্ষকের অনার বোর্ডে’ নিজের নামের আগে ‘ভারপ্রাপ্ত’ শব্দটি ব্যবহার করেননি—এ নিয়েও চলছে নানা সমালোচনা।
বিদ্যালয়ের পুরাতন ভবন সংস্কারে গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদারকে ‘বাগিয়ে’ নিয়ে বিদ্যালয়ের একটি রুমকে তিনি নিজের আবাসস্থলে পরিণত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রুমটিতে আধুনিক সুযোগ-সুবিধা সংযোজন করে সেখানে বসবাস করছেন তিনি।
অভিযোগ রয়েছে, গত এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের সময় জোরপূর্বক জনপ্রতি দুই হাজার টাকা কোচিং ফি আদায় করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক নবম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, “গৌরবময় এই শিক্ষা প্রতিষ্ঠান এখন কর্তৃপক্ষের দায়হীনতায় জৌলুস হারাচ্ছে।”
একজন সহকারী শিক্ষক অভিযোগ করে বলেন, “ভারপ্রাপ্ত প্রধান হয়ে নিজেকে যেন স্থায়ী প্রধান মনে করছেন ইমরান আলী। অভ্যন্তরীণ অডিটের ব্যবস্থা নিতে বললেও তিনি তা করেন না। পাবলিক পরীক্ষার কেন্দ্র ফি পর্যন্ত আত্মসাৎ করেছেন।”
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমরান আলী বলেন, “আমি মনে করি এখানে থাকা কোনো অপরাধ নয়। অভ্যন্তরীণ অডিট কমিটি ডিসেম্বর মাসে গঠন করা হবে। আমি সরকারি চাকরি করি, কোনো অর্থ আত্মসাৎ করার ইচ্ছা আমার নেই।”
রংপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের উপপরিচালক রোকসানা বেগম বলেন, “বিদ্যালয়ের রুমে বসবাস করার কোনো সুযোগ নেই। আমি নতুন যোগদান করেছি, তাই বিষয়টি জানা ছিল না। তবে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
বার্তাবাজার/এমএইচ






