
সাতক্ষীরা করেসপনডেন্ট:
সাতক্ষীরা সদর উপজেলায় ভোক্তা অধিকার কর্মকর্তা সেজে টাকা দাবির অভিযোগে একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের নিউ মার্কেট মোড়ে এ ঘটনা ঘটে।
আটক হোসেন আলী সদর উপজেলার মাছখোলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান মোহাম্মদ লাভলু অভিযোগ করেন, ভোক্তা অধিকার কর্মকর্তা পরিচয়ে তার কাছে টাকা দাবি করে হোসেন আলী। দুপুর থেকে তাকে নানাভাবে জরিমানা করা হবে বলে ভয়ভীতি প্রদর্শন করছিলো। এ সময় আশপাশের লোকজনকে ঘটনা জানালে তারা গণধোলাই দিয়ে তাকে পুলিশে দেয়।
সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার মফিজুর রহমান বলেন, ভুয়া ওই ভোক্তা অধিকার কর্মকর্তাকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবির অভিযোগ তুলেছেন এক দোকানদার। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
/এমএইচ






