ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পূজার চাঁদা সংগ্রহে না যাওয়ায় যুবদল নেতার তাণ্ডব

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম

পূজার চাঁদা সংগ্রহে না যাওয়ায় যুবদল নেতার তাণ্ডব

নোয়াখালীর হাতিয়ায় পূজার চাঁদা সংগ্রহে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে একটি দোকানে ঢুকে তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের নেতা রিপন চন্দ্র দাস। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শিপন চন্দ্র দাস হাতিয়া থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, রিপন চন্দ্র দাস শিপন চন্দ্র দাসের দোকানে প্রবেশ করে চেয়ারে বসা শিপনকে মারধর করছেন। দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস বাধা দিলে রিপন তার দিকে বারবার তেড়ে আসেন। পরে স্থানীয়রা তাকে দোকান থেকে বের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটে।

রিপন চন্দ্র দাস হাতিয়ার চরইশ্বর ইউনিয়নের পূর্ব লক্ষিদিয়া গ্রামের দিলীপ চন্দ্র দাসের ছেলে। তিনি পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলার আহ্বায়ক ছাড়াও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক।

হামলার শিকার শিপন চন্দ্র দাস বলেন, আমাদের এলাকায় ব্রজবাসী চৌকিদার বাড়িতে দুর্গাপূজা হয়। পূজার চাঁদা সংগ্রহে না যাওয়ায় রিপন আমার ওপর হামলা করে। পরে বিচার চাইলে আবারও মারধরের হুমকি দেয়। সে দলের নাম ভাঙিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস বলেন, রিপন হঠাৎ আমার দোকানে ঢুকে শিপনকে মারধর করে। আমি বাধা দিলে আমাকেও মারার চেষ্টা করে এবং বিদ্যুতের মিটার কেটে দেওয়া ও দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। অভিযোগের বিষয়ে রিপন চন্দ্র দাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা জানান, রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন