গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার দেশত্যাগের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ দেশ থেকে পালিয়েছেন, কেউ বা গাঢাকা দিয়েছেন। এর মধ্যে কেটে গেছে কয়েক মাস। দলীয় কর্মসূচি নিয়ে রাজনৈতিক মাঠে ছিলেন না দলটির কোনো নেতাকর্মী। গত কয়েক মাস ধরে মাঝেমধ্যে হাতে গোনা কয়েকজন নেতাকর্মী রাজধানী ঢাকার বিভিন্ন গলিতে ঝটিকা মিছিল করে মুহূর্তেই উধাও হয়ে যান।
যদিও পরে অভিযান চালিয়ে পুলিশ তাদের কাউকে কাউকে আটক করেছে। এ ছাড়া রাজধানীসহ সারা দেশে বিভিন্ন মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। আটক-গ্রেপ্তারের মধ্যেই দিন যত যাচ্ছে, ততই মাথাচাড়া দিয়ে উঠছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে দলটির শক্তির উৎস্য নিয়ে প্রশ্ন তুলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ।
তিনি বলেছেন, এত আটক-গ্রেপ্তার সত্ত্বেও আওয়ামী লীগের মিছিল দমানো যাচ্ছে না, কমানো যাচ্ছে না; বরং দিনকে দিন বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে পরিধিও। এর কারণ কী? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে করা একটি ভিডিওতে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এক বছর আগে আওয়ামী লীগ যে পরিমাণ গণহত্যায় যুক্ত ছিল, যে পরিমাণ অত্যাচার-নিপীড়ন ১৫ বছর করেছে, এক বছর আগে পতন হয়েছে, তাদের কিন্তু এর মধ্যে তাদের শক্তি সঞ্চয়ের উৎস কোথায়, কিভাবে এত শক্তি তারা পাচ্ছে এটা কিন্তু সবাইকে ভেবে দেখা দরকার।
বিশেষ করে এখন যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো, তাদের কোনো ব্যর্থতা আছে কি না। সেই ব্যর্থতার কারণে আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে কি না, সেটাও মূল্যায়ন করা প্রয়োজন।
বার্তা বাজার/এস এইচ






