ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াত-এনসিপির আলোচনা, ইসলামপন্থী দলগুলোতে ‘জটিলতা’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ এএম

জামায়াত-এনসিপির আলোচনা, ইসলামপন্থী দলগুলোতে ‘জটিলতা’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আসন সমঝোতার আলোচনা চলছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। জামায়াত সূত্র বলছে, জোটবদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা অনেক এগিয়েছে।

শিগগিরই ঘোষণা আসতে পারে। এদিকে জামায়াতের সঙ্গে থাকা ইসলামপন্থী দলগুলোর আসন ভাগাভাগি নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের তাঁর ফেসবুক পোস্টে লেখেন : ‘তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সঙ্গেই সরাসরি জোট বাঁধছে।

সারা দেশে মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এরই মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে।’

আসন ভাগাভাগির বিষয়ে আব্দুল কাদের লিখেছেন, জামায়াত থেকে এনসিপি ৫০ আসন চাইলে দর-কষাকষির শেষ পর্যায়ে সেটা ৩০ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে।

জোটের শর্ত অনুযায়ী, এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি। সমঝোতার ৩০ আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামায়াতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামায়াতের অন্যতম আস্থাভাজন, নাসীরুদ্দীন পাটওয়ারী আর জামায়াতের দিক থেকে থাকবেন ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুজন মিলেই এনসিপির ৩০ জন প্রার্থী চূড়ান্ত করবেন।

অন্যদিকে জামায়াতের সঙ্গে থাকা ইসলামপন্থী দলগুলোর আসন ভাগাভাগি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত মজলিশের সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন নিয়ে কিছু মতানৈক্য তৈরি হয়েছে। তবে এখনো আলোচনা শেষ হয়নি। জামায়াতের আট দলে আসন বণ্টন নিয়ে টানাপোড়েন চলছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন ১০০ আসনের দাবিতে অনড় রয়েছে। মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও ২৫টি আসন চাইছে।

প্রত্যাশিত আসন না পেলে সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কয়েকটি দল। এই দলগুলো চায় জামায়াত ১৫০ আসনে নির্বাচন করুক ও অন্যরা ১৫০ আসনে প্রার্থী দিক।

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন