বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র যুগ্ন-মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. বাংলাদেশের ক্রান্তিকালে তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছেন যেন তরুণ ছাত্রসমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ ধারণ করে নূরানী পরিবেশে জীবনযাপন করতে পারে। আমরা যেন আমাদের সেই আত্মপরিচয় ভুলে না যাই। আমরা যাদের পরিচয়ে পরিচিত হতে চাই, তাঁরা রাতের ইবাদতগোজার এবং দিনের বেলার মুজাহিদ ছিলেন। আমরা আমাদের আখলাকে, আমাদের চলনে-বলনে তাদের গুণাবলী যেন ধারণ করতে পারি। আমরা যেন সাময়িক চাকচিক্যের পিছনে ধাবিত না হই, কেননা এটা অনেক সময় হতাশা এবং বিভ্রান্তির কারণ হয়ে থাকে। আমরা যেন উত্তম আখলাক ধারণ করে জাতির জন্য কিছু করার চেষ্টা করি, যেন আমাদের দ্বারা জাতি আলোর দিশা পায়। সাহাবীদের ত্যাগের ইতিহাস ইসলামী নেতৃত্বের নতুন প্রজন্মকে পুনরায় ধারণ করতে হবে। ত্যাগের পথেই নতুন ইতিহাস রচিত হবে।
২৩ নভেম্বর (রবিবার) মাধবপুর উপজেলায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া উপজেলা আয়োজিত হাইওয়ে ইন রেস্টুরেন্টের কনফারেন্স হলে “ইসলামী নেতৃত্বের ভবিষ্যৎ ও ছাত্রসমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী নেতৃত্ব টিকিয়ে রাখার মূলমন্ত্র হচ্ছে রাসূল সা. জীবনাদর্শ অনুসরণ করা। আমাদেরকে সালফে সালেহীনদের পথ অনুসরণ করে দেশ ও জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যেতে হবে। দেশের প্রচলিত রাজনীতির সাথে আমাদের কোন সম্পর্ক নেই, তবে রাজনীতি সচেতন সংগঠন হিসেবে আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন রয়েছি।
মাধবপুর উপজেলা সভাপতি মিজবাহ উদ্দিন শারফিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রেদওয়ান আলম এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাহুবল উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আনোয়ার হোসাইন সালেহী, সংগঠনের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মো. ছাদেকুর রহমান, হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সভাপতি কাজী আহবাব দস্তগীর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ-সভাপতি জিবান আহমদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া শাখার সহ-সভাপতি জাহিদ হাসান, হবিগঞ্জ জেলার সহ-সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক কাজী আবরার দস্তগীর, সাংগঠনিক সম্পাদক মো. মোজাহিদ আহমদ, আব্দুল বাসিত।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মাধবপুর উপজেলা আল ইসলাহ’র সভাপতি কাজী আলাউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, মাধবপুর উপজেলা লতিফিয়া কারী সোসাইটির সাধারণ সম্পাদক এস এম আব্দুল্লাহ এনাম, অলিপুর দরবার শরীফের পীর মাওলামা মো. বাহাউদ্দিন নকশেবন্দী, মাধবপুর উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি সৈয়দ নূর মোহাম্মদ শাহজাহান, হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি মো. ইমাদ উদ্দিন, এস এম শামীম আহমেদ, মাওলানা সাইফুল্লাহ আলাল, আফজাল হোসেন উজ্জল প্রমুখ।






