সারাদিন অফিস শেষে ঘরে ফিরে সন্ধ্যায় একসঙ্গে নাশতার চল এখনও বেশিরভাগ পরিবারে আছে। তার ওপর আপনার সন্তানকে পড়াতে আসেন যিনি, তাকে চা নাশতা দেওয়ার কথাও তো ভাবতে হয়। এসময় হালকা, পুষ্টিকর এবং হজমে সহজ খাবার খাওয়া উচিত। রাতে খাবারের আগে খুব ভারি নাশতা এড়িয়ে চলা ভালো।
সঙ্গে থাকুক ফল
বিকাল বা সন্ধ্যায় যে নাশতাই খান, সঙ্গে কিছু ফল রাখতে পারেন। আপেল, কলা, আঙুর, পেয়ারা, স্ট্রবেরি ইত্যাদি দিয়ে একটা প্লেট সাজিয়ে নিন। নানা রঙের ফলের সমাহার শিশুদের আগ্রহী করে তোলে। চাইলে সামান্য বাদাম বা দই সঙ্গে মেশাতে পারেন।
হালকা স্যান্ডউইচ বা রোল
স্যান্ডউইচ বানাতে ব্রাউন ব্রেড ব্যবহার করুন। এর সাথে সবজি আর হালকা প্রোটিন (ডিম, চিকেন, টোফু)। টোফু হলো সয়াবিন থেকে তৈরি এক ধরনের উদ্ভিজ্জ প্রোটিনসমৃদ্ধ খাবার। একে অনেক সময় ‘সয়াবিন পনির’ বলা হয়, কারণ এর টেক্সচার অনেকটা পনিরের মতো। স্বাদের জন্য হালকা মায়োনেজ বা পনির ব্যবহার করতে পারেন। একইভাবে পরোটার ভেতরে হালকা তেলমশলার সবজি মায়োনেজ দিয়ে মাখিয়ে দিন।
বাসায় বানানো মজাদার স্যুপ
একেকদিন একেকরকমের হালকা গরম স্যুপ শিশুদের খুবই পছন্দের। কম ঝাল মশলা দিয়ে সবজি স্যুপ, চিকেন ব্রথ স্যুপ সন্ধ্যার জন্য খুবই উপযোগী। এসব হজমে সহজ এবং রাতে হজমেও সাহায্য করে। সাথে বড়দের জন্য থাকতে পারে সেদ্ধ ডিম, স্প্রাউটস সালাদ, হোমমেড গ্র্যানোলা বার বা ওটস কুকিজ।
টেবিলে দিতে পারেন ওয়াইল্ড মাশরুম স্যুপও। এ স্যুপটি বানানো খুব সহজ। প্যানে মাখন বা ঘি গরম করে পেঁয়াজ, রসুন ও আদা দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে মাশরুম দিন।পাতলা স্লাইস করা মাশরুম দিয়ে ৫–৬ মিনিট নাড়ুন, যতক্ষণ না পানি ছেড়ে নরম হয়। এরপর চিকেন স্টক ঢেলে দিন। ফুটে উঠলে কম আঁচে ১০ মিনিট রান্না করুন। ঘন করার জন্য কর্নফ্লাওয়ার মিশ্রণ স্যুপে ঢালুন এবং নাড়তে থাকুন, যাতে স্যুপ ঘন হয়। আঁচ কমিয়ে দুধ ঢালুন এবং মিশিয়ে নিন। (ক্রিমের মত ক্রিমি টেক্সচার হবে)। লবণ ও গোলমরিচ দিয়ে টেস্ট অ্যাডজাস্ট করুন।
বানিয়ে ফেলুন প্যানকেক
ময়দা, বেকিং পাউডার, চিনি, লবণ একসাথে মিশিয়ে নিন। অন্য বাটিতে ডিম ফেটে তাতে দুধ ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। ড্রাই মিশ্রণে ওয়েট মিশ্রণ যোগ করে হালকা হাতে মিক্স করুন (অতিরিক্ত নাড়াচাড়া করবেন না)। শেষে মাখন মিশিয়ে দিন। একটি ননস্টিক প্যান গরম করে হালকা তেল দিন। মিশ্রণ থেকে আধা কাপ নিয়ে প্যানে দিন। মাঝারি আঁচে দুপিঠ সোনালি হওয়া পর্যন্ত সেঁকে নিন। গরম গরম পরিবেশন করুন মধু, চকলেট, সস বা জ্যাম দিয়ে।
দই বা যে
কোনও স্মুদি
স্মুদি একটা স্বাস্থ্যকর খাবার। যে কোনও ফল দিয়ে আপনি সহজেই বানিয়ে নিতে পারেন। কলা, দুধ, মধু ব্লেন্ড করে কিংবা স্ট্রবেরি, দুধ, মধু ব্লেন্ড করে পরিবেশন করুন। বড়দের ক্ষেত্রে পরিবেশনের সময় এক দুই টুকরা বরফ মিশিয়ে দিতে পারেন। আর ছোটদের বরফ দিবেন না। এটি হজম সহজ এবং রাতের খাবারের ভার কমায়।
পরামর্শ- রাতের আগে ভারি ও তেলযুক্ত খাবার এড়ানো ভালো।
মনে রাখবেন, নাশতা হালকা হলেও প্রোটিন ও ফাইবার থাকলে রাতে ক্ষুধা কম থাকে।
বিকেলের পরে চা বা কফি এড়িয়ে চলতে পারলে ভালো। এর বদলে হালকা হার্বাল চা বা লেবু পানি পান করলে হজমে সুবিধা হয়।






