ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা যেকোনো মূল্যে থামাতে হবে: উত্তর কোরিয়া

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম

জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা যেকোনো মূল্যে থামাতে হবে: উত্তর কোরিয়া

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের উচ্চাকাঙ্ক্ষা ‘যেকোনো মূল্যে প্রতিহত’ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। টোকিওর এক কর্মকর্তা পারমাণবিক অস্ত্রের প্রয়োজনীয়তা নিয়ে মন্তব্য করার পর রোববার (২১ ডিসেম্বর) দেশটির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া আসে।

গত বৃহস্পতিবার কিয়োডো নিউজের খবরে বলা হয়েছিল, নাম প্রকাশ না করার শর্তে জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা বলেন, ‘আমার মনে হয় আমাদের পারমাণবিক অস্ত্র থাকা উচিত।’ ওই কর্মকর্তা জাপানের নিরাপত্তা নীতি প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কিয়োডোর প্রতিবেদনে আরও বলা হয়েছিল, ওই কর্মকর্তা পারমাণবিক শক্তির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ‘শেষ পর্যন্ত, আমাদের নিজেদের ওপরই নির্ভর করতে হবে।’ উত্তর কোরিয়া এই মন্তব্যকে জাপানের স্পষ্ট পারমাণবিক অভিপ্রায় হিসেবে উল্লেখ করে বলেছে, ‘টোকিও রেড লাইন অতিক্রম করে পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা প্রকাশ করছে।’

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ইনস্টিটিউট ফর জাপান স্টাডিজের পরিচালক বলেন, ‘জাপানের পারমাণবিক হওয়ার চেষ্টা যে কোনো মূল্যে ঠেকাতে হবে। এটি মানবজাতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।’ নাম প্রকাশ না করা ওই কর্মকর্তার আরও দাবি, এটি কোনো ভুল মন্তব্য নয় বরং জাপানের বহুদিনের লালিত পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন।

তিনি সতর্ক করে বলেন, জাপান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তবে এশিয়ার দেশগুলো ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের মুখে পড়বে এবং মানবজাতি মারাত্মক দুর্যোগের সম্মুখীন হবে।

তবে বিবৃতিতে উত্তর কোরিয়ার নিজস্ব পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু উল্লেখ করা হয়নি। ২০০৬ সাল থেকে জাতিসংঘের প্রস্তাব অমান্য করে দেশটি পারমাণবিক পরীক্ষায় অংশ নিচ্ছে। বহু নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র রাখা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে আসছে। ধারণা করা হয়, দেশটির হাতে বর্তমানে কয়েক ডজন পারমাণবিক ওয়ারহেড রয়েছে।

উত্তর কোরিয়া বলছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক হুমকি মোকাবিলায় এই অস্ত্র তাদের প্রয়োজন। গত সেপ্টেম্বরে জাতিসংঘে দেয়া বক্তব্যে উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম সন গিয়ং জানান, দেশটি কখনোই পারমাণবিক অস্ত্র ছাড়বে না।

তিনি বলেন, ‘আমরা কখনই পারমাণবিক অস্ত্র ছেড়ে দেব না। এটি আমাদের রাষ্ট্রের আইন, জাতীয় নীতি, সার্বভৌম ক্ষমতা এবং টিকে থাকার অধিকার। কোনো পরিস্থিতিতেই আমরা এ অবস্থান থেকে সরে আসব না।’

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় তারা আগ্রহী, তবে শর্ত হলো—পিয়ংইয়ং তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার ধরে রাখার অনুমতি দিতে হবে।

সূত্র: জাপান টাইমস

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন