ঢাকার আজিমপুর চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালনরত এক নারী ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগে দুই যুবককে একদিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন মোটরসাইকেল চালক ওয়াহিদ মোহাম্মদ শুভ (৩০) এবং তাঁর সঙ্গী আরাফাত রহমান অভি (২৮)।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানানো হয়, বুধবার বিকেল ৫টার দিকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর কারণে ট্রাফিকে দায়িত্বরত নারী সার্জেন্ট শুভকে থামিয়ে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র দেখতে চান। কিন্তু শুভ এবং অভি কাগজপত্র দেখানোর পরিবর্তে সার্জেন্টের সঙ্গে অশোভন আচরণ শুরু করেন এবং তাঁকে ‘হলে গিয়ে কাগজপত্র নিয়ে আসতে’ বলেন।
বিষয়টি সঙ্গে সঙ্গে লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানকে অবহিত করেন সার্জেন্ট। পরে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুজনকে আটক করেন এবং লালবাগ থানার সহায়তায় থানায় নিয়ে যান।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, অভিযুক্তদের সংক্ষিপ্ত বিচার শেষে একদিনের কারাদণ্ড এবং প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট। অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।






