ঋণের নামে জনতা ব্যাংক থেকে নেওয়া ১৩৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ৪ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিকো গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে ব্যাক টু ব্যাক এলসির নামে দেশের ভেতর মালামাল আমদানি-রপ্তানি দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, আত্মসাৎকৃত অর্থের প্রকৃত পরিমাণ বের করা, পাচারকৃত অর্থ উদ্ধার এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পরে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে জনতা ব্যাংক লোকাল অফিস, ঢাকার কথিত গ্রাহক স্কাইনেট এ্যাপারেলস লিমিটেড নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ইডিএফ সুবিধাসহ ঋণ সুবিধা মঞ্জুর ও প্রদান করেন।






