তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শুক্রবার (২৫ এপ্রিল) ইস্তানবুলে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
প্রধান বিচারপতি বাংলাদেশের পক্ষ থেকে তুরস্কের জনগণ এবং সাংবিধানিক আদালতের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, এ আয়োজন কেবল একটি স্মরণীয় উপলক্ষ নয়, বরং এটি সাংবিধানিক মূল্যবোধ, মানবাধিকার এবং ন্যায়বিচার রক্ষায় উভয় দেশের অঙ্গীকারের একটি প্রতীক।
বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ ও তুরস্ক দুইটি ভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে সংবিধানিক যাত্রা শুরু করলেও উভয়ের অভিন্ন লক্ষ্য হচ্ছে—আইনের শাসন, মানবাধিকারের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিতকরণ।” তিনি আরও বলেন, সংবিধানকে জনগণের জীবনে বাস্তবায়নের জন্য বিচার ব্যবস্থাকে হতে হবে আরও সহজগম্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক।
তিনি বাংলাদেশের বিচার বিভাগের অভিজ্ঞতা তুলে ধরেন, বিশেষত উচ্চ আদালতের স্বপ্রণোদিত নির্দেশনা ও জনস্বার্থে মামলার মাধ্যমে ন্যায়বিচারে নতুন দিগন্ত উন্মোচনের বিষয়টি উল্লেখ করেন।
আন্তর্জাতিক প্রসঙ্গে তিনি বলেন, জলবায়ু ন্যায়বিচার, ডিজিটাল অধিকার, তথ্য নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলায় এখন সময় এসেছে একটি উদার, বাস্তবভিত্তিক ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে বিচার কাঠামো গড়ে তোলার।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের বিচারপতি ও আইনি বিশেষজ্ঞদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, বর্তমানে বাংলাদেশ বিচার বিভাগীয় সংস্কারে এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। তিনি আশা প্রকাশ করেন, তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে এবং উভয় দেশের মধ্যে বিচারিক সহযোগিতা আরও দৃঢ় হবে।
তিনি তুরস্ক সরকারের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ-তুরস্ক বন্ধুত্ব আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধান বিচারপতি ইস্তানবুল পৌঁছালে তাকে স্বাগত জানান তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক।
উল্লেখ্য, তুরস্ক সফর শেষে আগামী ২৮ এপ্রিল তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যান, যেখানে তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবির আয়োজিত ‘Climate Justice and the Constitution: Reflections from the Global South’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্যানেল বক্তা হিসেবে অংশ নেবেন।






