কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় এক রোহিঙ্গাসহ ২ জনের মত্যুদণ্ড এবং ২ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে রামু উপজেলার রাজারকুল এলাকার মো. ইসলামের ছেলে আবদুর রহমানকে খালাস প্রদান করা হয়েছে।
মঙ্গলবার, ২৫ নভেম্বর বিকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় প্রদান করেছেন বলে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার (পিপি) সিরাজুল ইসলাম।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হল, কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মৃত নজির আহমদের ছেলে সোনা মিয়া ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসনের ছেলে নূর মোস্তফা।
যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হল, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত মোহাম্মদ আলমের ছেলে মো. আইয়ুব উরুফে তৈয়ব ও মৃত খুলু মিয়ার ছেলে আবদুল গফুর (৩৫)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম জানান, গেলো ২০২০ সালের ২ মার্চ মাইক্রোবাসে করে ১ লাখ ৯০ হাজার ইয়াবা পাচারকালে ৫ জনকে আটক করে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এঘটনায় রামু থানায় ডিবি পুলিশের পরিদর্শক মিজানুর রহমান বাদি হয়ে দায়ের করা মামলা ৫ জনকে কারাগারে পাঠায় আদালত। পরবর্তিতে একই বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হলে আদালত বিচারকার্যক্রম শুরু করে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত একজনকে খালাস, ২ জনকে মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন সাজা প্রদান করে।
তিনি আরো বলেন, আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে ৪ জন পালাতক রয়েছে। রায় ঘোষণাকালে খালাসপ্রাপ্ত আবদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এমএমএইচ






