বিএনপির সাবেক সংসদ সদস্য মেজবাহউদ্দীন ফরহাদের আইনজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তারা পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ফরহাদের বক্তব্য প্রত্যাহার, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং আইনগত ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছে।
বাংলাদেশ বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক সংসদ সদস্য মেজবাহউদ্দীন ফরহাদের ‘ওকালতি যাঁরা করেন, তাঁরা কিন্তু টাউট–বাটপার’ শীর্ষক বক্তব্য বার কাউন্সিল কর্তৃপক্ষের গোচরে এসেছে। ওই বক্তব্য দিয়ে তিনি শুধু অশালীন এবং সভ্যতা–ভব্যতার সীমারেখাই অতিক্রম করেননি, বরং তাঁর এই বক্তব্যের মাধ্যমে তিনি আইন পেশার মতো মহান পেশার সঙ্গে জড়িত আইনজীবীদের অসম্মান করে ফৌজদারি অপরাধও করেছেন।
বার কাউন্সিলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সই করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বার কাউন্সিল এমন ঘৃণ্য বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে মেজবাহউদ্দীন ফরহাদকে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনার আহবান জানাচ্ছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁর (মেজবাহউদ্দীন ফরহাদ) এমন নেতিবাচক বক্তব্যে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতিসহ সারা দেশের বিজ্ঞ আইনজীবীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার বক্তব্য সামাজিক মাধ্যমে ঢালাওভাবে প্রচারিত হওয়ায় আইনজীবীদের মান, মর্যাদা ও সামাজিক অবস্থান তীব্রভাবে ক্ষুণ্ন হয়েছে। যার ফলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা মনে করি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অবিলম্বে মেজবাহউদ্দীন ফরহাদকে জনসম্মুখে তাঁর বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চাওয়ার আহবান জানাচ্ছে।
এছাড়া, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে বলেন— “বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর ইউনিয়নের একটি পাবলিক সমাবেশে মেজবাহ উদ্দিন ফরহাদ বাংলাদেশে আইনপেশায় নিয়োজিত বিজ্ঞ আইনজীবীদের সম্পর্কে কটূক্তি করেছেন। আমরা ঢাকা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ সদস্যবৃন্দ তার উক্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছি।”
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে—“বরিশাল–৪ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মেজবাহউদ্দীন ফরহাদ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাবা সেলিমা রহমানের উপস্থিতিতে বলেন, ‘যারা ওকালতি করে তারা টাউট–বাটপার’। এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে তিনি দেশের সমগ্র বিজ্ঞ আইনজীবী সমাজকে অপমান করেছেন। গনতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় আইনজীবীরা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। অথচ একজন সাবেক সংসদ সদস্য ও দলের গুরুত্বপূর্ণ পদে থাকা অবস্থায় তার এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য শুধু আইনজীবী সমাজকেই আহত করেনি, বরং সাধারণ জনগনের কাছে দলীয় ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সকল আইনজীবী তার এই রুচিহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।”
আইনজীবী সমাজের পক্ষ থেকে দাবি করা হচ্ছে—বিচারব্যবস্থার অন্যতম প্রধান অঙ্গকে অপমানিত করার দায়ে মেজবাহউদ্দীন ফরহাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।






