প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিপিএড (ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন) ও সিইনএড (সার্টিফিকেট ইন এডুকেশন) প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের অনুমোদন দিয়েছে। দেশের ৫১৩টি উপজেলা ও থানার আওতাধীন এসব শিক্ষকের বকেয়া অর্থ চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকে দেওয়া হবে।
বুধবার (১৪ মে) ডিপিই থেকে প্রকাশিত একটি অফিসিয়াল স্মারকে মাঠ পর্যায়ে বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য বাজেট ব্যবহারের অনুমতি নিশ্চিত করা হয়েছে। স্মারকে উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব অর্থ চলতি অর্থবছরের পরিচালন বাজেট থেকে বরাদ্দ হিসেবে দেওয়া হবে।
এসব অর্থ উপজেলা ও থানা শিক্ষা অফিসের আয়ন ব্যয় কর্মকর্তারা বরাদ্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। তবে বকেয়া বেতন পরিশোধে সরকারি আর্থিক বিধি মেনে চলা বাধ্যতামূলক। কোনো অতিরিক্ত অর্থ প্রদান হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন।
স্মারকের কপি বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখযোগ্য, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ডিপিএড ও সিইনএড প্রশিক্ষণকে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের শ্রেণিকক্ষে দক্ষতা বাড়ানো হয় যাতে তারা শিক্ষার্থীদের আরও ভালোভাবে পাঠদান করতে পারেন।






