আসন্ন জাতীয় সংসদ নির্বাচনি গণভোটে ‘হ্যাঁ’ প্রদানের লক্ষ্যে প্রচারণা ক্যাম্পেইন শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। এই প্রচারণায় সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনিক টিম।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) থেকে প্রচারণা শুরু করে সংগঠনটি। বিভিন্ন দপ্তর ও শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে গণভোটের পক্ষে প্রচারণা করেন তারা।
প্রচারণার ধারাবাহিক অংশ হিসেবে আজ (২৪ জানুয়ারি) প্রশাসন ভবনে গেলে ‘হ্যাঁ’ ভোট ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক এম এয়াকুব আলী, ট্রেজারার মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মনজুরুল হক, প্রক্টর শাহীনুজ্জামান, ছাত্রউপদেষ্টা ওবায়দুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইট সহ সংগঠনটির নেতৃবৃন্দ।
সংগঠনটির আহ্বায়ক এস এম সুইট বলেন, “২৪-এর পরাজিত শক্তিগুলো আবারও ‘না’ ভোটের পক্ষে সক্রিয় হয়ে উঠেছে। দেশের স্বার্থে, জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং আজাদীর পক্ষে অবস্থান নিয়ে আমরা গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা চালিয়ে যাচ্ছি। গণভোটে ‘হ্যাঁ’ প্রদানের মাধ্যমে আমরা জুলাই শহীদদের ন্যূনতম ঋণ পরিশোধ করতে পারব বলে বিশ্বাস করি।”
বার্তাবাজার/এমএইচ






