ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-৩৬’ হল ও খালেদা জিয়া হল থেকে তালা ভেঙে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। তবে উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা (রা.) হলের শিক্ষার্থীরা মিছিলে অংশ নিতে দেখা যায়নি।
এসময় “তুমি কে আমি কে হাদি হাদি; ‘র’-এর দালালেরা হুঁশিয়ার সাবধান; গোলামী না আজাদী, আজাদী আজাদী; হাদি ভাইয়ের কারণে, ভয় করি না মরণে; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; ভারতের আগ্রাসন ভেঙ্গে দাও গুড়িয়ে দাও; ইনকিলাব জিন্দাবাদ” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবাসিক হলে গিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।
মিছিল বের হওয়ার সময় নিরাপত্তা কর্মীদের সতর্কতার বেষ্টনী ছিল এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামও উপস্থিত ছিলেন। জানতে চাইলে তিনি জানান, ‘এমন জুলাই যোদ্ধার মৃত্যুর শোকাবহ সময়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বের হয়ে যায়। নিরাপত্তা বেষ্টনীতে তারা তাদের কর্মসূচি সম্পন্ন করতে পেরেছে। বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি দেখে উদ্ভুদ্ধ হয়ে দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে।’






